ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। গতকাল শুক্রবার (১৫ মে) চেন্নাইয়ের ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার অকাল মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কারিনা কায়সার প্রথমে জ্বরে আক্রান্ত হন। পরবর্তীতে চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে মারাত্মক সংক্রমণ (ইনফেকশন) ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’-জনিত জটিলতার কারণে তার লিভার ফেইলিউর দেখা দেয়। দেশে অবস্থার দ্রুত অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেন এবং লিভার ট্রান্সপ্ল্যান্টের (যকৃৎ প্রতিস্থাপন) প্রস্তুতি নিচ্ছিলেন। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি চলে যান ওপারে।
একমাত্র মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন কারিনার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ। তিনি লিখেছেন:
“অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। আমার মেয়ের কোন ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দিবেন।”
দুঃসময়ে পাশে থাকা ও দোয়া করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কায়সার হামিদ মেয়ের আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, ডিজিটাল মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ব্যাপক পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে কারিনা কায়সার অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। তার এই আকস্মিক প্রস্থানে বিনোদন অঙ্গনের সহকর্মী ও ভক্তরা গভীর শোক প্রকাশ করছেন।
