আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ? জেনে নিন নতুন দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবশেষ গতকাল শুক্রবার (১৫ মে) সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ শনিবার (১৬ মে) থেকে সারা দেশে এই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, আজ থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে ক্রেতাদের খরচ করতে হবে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

এ ছাড়া অন্যান্য মানের স্বর্ণের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে বাজুস জানিয়েছে, স্বর্ণের এই নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাদের আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গয়নার নকশা ও মানভেদে মজুরির পরিমাপে তারতম্য হতে পারে।

মূলত আমদানিনির্ভর হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম প্রায় প্রতিনিয়তই ওঠানামা করে। বাজুসের তথ্যমতে, চলতি বছরে দেশের বাজারে এখন পর্যন্ত মোট ৬৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বাড়ানো হলেও, ২৮ বার দাম কমানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *