চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লায় শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে কুমিল্লায় উৎসবমুখর পরিবেশ, প্রস্তুত জনসভা মঞ্চ

কুমিল্লা প্রতিনিধি: আনুষ্ঠানিক সফরে চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লায় সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় ও পথসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে কুমিল্লার বরুড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যেই জনসভা মঞ্চ সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে।

আজ শনিবার (১৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে জেলাবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সকাল থেকেই সভাস্থল ও এর আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে মিছিল সহকারে সভাস্থলে জড়ো হচ্ছেন। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতেও জনসভাস্থল মুখরিত হয়ে উঠেছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই সভাস্থলে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। সমাবেশ মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম স্থাপন এবং বসার সুব্যবস্থার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সভাস্থল ও আশপাশের চারপাশ ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যদেরও কড়া সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কসহ আশপাশের প্রধান প্রধান সড়কগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধন করা হয়েছে। পথসভার কারণে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে যানবাহন চলাচল স্বাভাবিক ও শৃঙ্খল থাকে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, দীর্ঘদিন পর বরুড়ায় এমন একটি বৃহৎ রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে তীব্র উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জেলাবাসীর প্রত্যাশা, এই সফর থেকে কুমিল্লার সার্বিক উন্নয়ন, আঞ্চলিক অবকাঠামো এবং বহুল প্রতীক্ষিত ‘কুমিল্লা বিভাগ’ বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ঘোষণা আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *