যশোরের অভয়নগরে চাঁদা না পেয়ে ‘রোমান জুটমিল’-এর মালিক মোহাম্মদ আলীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে একদল দুর্বৃত্ত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তবে পরিবারটি বর্তমানে ঢাকায় অবস্থান করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিস্ফোরণের বিকট শব্দে গভীর রাতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মোহাম্মদ আলীর ভাইপো মোহাম্মদ সজীব জানান, “গভীর রাতে প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখি চাচার বাড়ির ভেতরে ধোঁয়ার কুণ্ডলী। চাচা সপরিবারে ঢাকায় থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে।”
ভুক্তভোগী ব্যবসায়ীর ছেলে রাকিবুল ইসলাম অভিযোগ করে বলেন, “একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে আমাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। দাবি পূরণ না করায় ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যেই এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে।”
খবর পেয়ে রাতেই অভয়নগর আর্মি ক্যাম্পের সদস্য ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের আলামত উদ্ধার করেছে। অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, “একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাত ২টার দিকে আমরা বিস্ফোরণের খবর পাই। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।”
