বগুড়ায় অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজি মামলায় এনসিপি নেতা সাগর গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

বগুড়ায় অর্থ আত্মসাৎ, হামলা ও চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, সাগর একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের ৩০ আগস্ট রুবেল প্রামানিক নামে এক ব্যক্তি বাদী হয়ে বগুড়া সদর থানায় এই মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে:

গত আগস্টে রুবেল প্রামানিক কলেজের সামনে চা পান করার সময় সাগরসহ ৪-৫ জন তাকে জোরপূর্বক অডিটোরিয়ামের পেছনে নিয়ে যান। সেখানে তাকে ব্যাপক মারধর করে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তাকে জখম করা হয়। এক পর্যায়ে ভুক্তভোগীর বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা এবং সাথে থাকা নগদ ২২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

বগুড়ার কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, পুলিশ আজ বিকেলে তাকে আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে এনসিপি বগুড়া জেলা কমিটির আহ্বায়ক এম এস এ সুলতান জানান, “সাগর আমাদের জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব। সাংবাদিকদের মাধ্যমে তার গ্রেপ্তারের খবর জেনেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *