সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ৪৮ ঘণ্টা পর ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এদিকে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাস (শনিবার সন্ধ্যা ৬টা থেকে) এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃষ্টির সম্ভাবনা (সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা ওঠানামা করতে পারে।
তাপমাত্রার পরিসংখ্যান গত ২৪ ঘণ্টায় দেশের:
সর্বনিম্ন তাপমাত্রা: ১৪ ডিগ্রি সেলসিয়াস (ডিমলা, রংপুর)।
সর্বোচ্চ তাপমাত্রা: ৩৩ ডিগ্রি সেলসিয়াস (রাঙামাটি)।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, লঘুচাপের প্রভাবে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের আধিক্য বাড়ায় এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
