দক্ষিণী সিনেমার সুপারস্টার এবং তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বিরুদ্ধে এক চাঞ্চল্যকর ও গুরুতর অভিযোগ এনেছেন তামিল অভিনেত্রী ও সাবেক নার্স জুলি। বিজয়ের ভক্ত এবং তার রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে)-এর সমর্থকদের লাগামহীন অনলাইন ট্রোলিং ও মানসিক নির্যাতনের কারণে তিনি গর্ভপাতের শিকার হয়েছেন বলে দাবি করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি চেন্নাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুলি তার এই ক্ষোভ ও দুঃখের কথা জানান। তিনি বলেন, বিয়ের পর তিনি ও তার স্বামী তাদের প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে লক্ষ্য করে বিজয়ের সমর্থকরা দীর্ঘদিন ধরে লাগাতার কুরুচিপূর্ণ মন্তব্য, অপপ্রচার ও সাইবার বুলিং চালিয়ে আসছিল। এই অবিরাম মানসিক চাপ ও ট্রমা সহ্য করতে না পেরেই শেষ পর্যন্ত তাকে সন্তান হারাতে হয়েছে।
জুলি সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার সন্তান হারানোর জন্য বিজয় আন্না (ভাই) দায়ী।’ তবে তিনি স্পষ্ট করেছেন যে, সুপারস্টার বিজয় নিজে সরাসরি এর সঙ্গে জড়িত নন। তার অভিযোগ— নিজের সমর্থকদের এমন নোংরা ও অনিয়ন্ত্রিত আচরণ থামানোর জন্য বিজয় কোনো ধরনের উদ্যোগ বা পদক্ষেপ নেননি।
এর আগে গত মার্চ মাসে এই সাইবার বুলিংয়ের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন জুলি। আটজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করলেও পুলিশ তাকে জানায়, এটি ফৌজদারি অপরাধ নয়, বরং দেওয়ানি মানহানির আওতাভুক্ত। এরপর তার বিরুদ্ধে উল্টো ‘১৫ লাখ টাকার কিডনি কেলেঙ্কারি’র মতো ভুয়ো ও পরিকল্পিত অপপ্রচার ছড়ানো হয় বলে দাবি করেন তিনি। অভিনেতার উদ্দেশে জুলি বলেন, সমর্থকদের দিয়ে সমালোচকদের হেনস্তা না করিয়ে বিজয়ের উচিত জনগণের কল্যাণে মনোযোগ দেওয়া।
তবে এই গুরুতর অভিযোগের বিষয়ে থালাপতি বিজয় বা তার রাজনৈতিক দল ‘টিভিকে’-এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।
