অস্ট্রেলিয়ায় শুরু হলো সিডনি ও নোয়ার ‘গান্ডাম’ মুভির নির্মাণকাজ

জনপ্রিয় জাপানি অ্যানিমে সিরিজ ‘গান্ডাম’-কে কেন্দ্র করে নির্মিত হচ্ছে বহুল প্রতীক্ষিত লাইভ-অ্যাকশন সিনেমা। সিডনি সুইনি ও নোয়া সেন্টিনিও অভিনীত এই সিনেমার শুটিং অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইওশিউকি তোমিনোই-এর সেই জনপ্রিয় টিভি সিরিজের প্রেক্ষাপটেই এই সিনেমাটি বড় পর্দায় ফুটিয়ে তোলা হচ্ছে।

সুদূর ভবিষ্যতের ‘ইউনিভার্সাল সেঞ্চুরি’ নামক কালখণ্ডের গল্প নিয়ে এই সিনেমা আবর্তিত হবে। পৃথিবী থেকে স্বাধীনতার জন্য মহাকাশের মানব উপনিবেশগুলোর দীর্ঘ লড়াই এবং যুদ্ধের প্রধান অস্ত্র হিসেবে বিশাল রোবট ‘মোবাইল স্যুট’-এর ব্যবহার দেখা যাবে এই সাই-ফাই মহাকাব্যে। ইউনিভার্সাল সেঞ্চুরি শেষে মানবজাতির রিগিল্ড সেঞ্চুরি নামক এক শান্তির যুগে প্রবেশের সময়কালকে ঘিরে আবর্তিত হবে এর মূল প্লট।

নেটফ্লিক্সের এই লেজেন্ডারি মুভিটি পরিচালনার দায়িত্বে আছেন জিম মিকল। প্রধান দুই তারকা সিডনি ও নোয়া ছাড়াও এতে আরও অভিনয় করছেন শিওলি কুৎসুনা, মাইকেল মান্ডো, জাভন ‘ওয়ানা’ ওয়ালটন এবং জেসন আইজ্যাকস-এর মতো জনপ্রিয় মুখগুলো। তবে শিল্পীরা কে কোন চরিত্রে অভিনয় করছেন, তা গোপন রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

ম্যাথিউ জেনকিন্স ও মাকোতো আসানুমা সিনেমাটির নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন। মহাকাশ বনাম পৃথিবীর এই দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *