‘আমরা এখনো নতুন তাস খেলিনি’: বাব আল-মান্দেব অবরোধের হুমকি ইরানের

ইরানের শূরা কাউন্সিলের জাতীয় নিরাপত্তা কমিশনের ডেপুটি চেয়ারম্যান আলায়েদ্দিন বোরুজেরদি এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরান এখনো তার চূড়ান্ত কৌশল প্রয়োগ করেনি। তিনি দাবি করেন, হরমুজ প্রণালির চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয় ‘বাব আল-মান্দেব’ প্রণালি এবং ইয়েমেনিরা সেখানে আমেরিকাকে বড় ধরনের আঘাত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

বোরুজেরদি বলেন, “আমাদের অবস্থান এখনো অত্যন্ত শক্ত। আমরা এখনো আমাদের নতুন তাস খেলিনি।” তিনি ইঙ্গিত দেন যে, হরমুজ প্রণালির পাশাপাশি বাব আল-মান্দেব প্রণালিতেও পশ্চিমা শক্তির জন্য মরণফাঁদ তৈরি করা হতে পারে। ইয়েমেনের ওপর ইরানের প্রভাব কাজে লাগিয়ে লোহিত সাগরের এই গুরুত্বপূর্ণ প্রবেশপথটি বন্ধ করে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দেন তিনি।

বোরুজেরদি জানান, আলোচনায় তাঁর উপস্থিতি ছিল ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশ অনুযায়ী। তবে গত সপ্তাহে ইরানি পার্লামেন্টের সদস্য আলি খাজারিয়ান জানিয়েছিলেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাড়ানোর বিরোধী। এই পরস্পরবিরোধী বক্তব্যের মাঝেই বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, বাব আল-মান্দেব প্রণালিতে বিশ্বাসযোগ্য ও পূর্ণাঙ্গ হুমকি তৈরি করার সক্ষমতা ও ইচ্ছা ইরানের রয়েছে।

লোহিত সাগরের তীরে অবস্থিত ১১৫ কিলোমিটার দীর্ঘ এই প্রণালিটি এশিয়া ও ইউরোপের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত সমুদ্রপথ সুয়েজ খালের প্রবেশদ্বার। বৈশ্বিক বাণিজ্যের একটি বিশাল অংশ এই পথ দিয়ে যাতায়াত করে। ইরান যদি সরাসরি বা ইয়েমেনের হুতিদের মাধ্যমে এই পথ রুদ্ধ করে দেয়, তবে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সূত্র : বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *