সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা ও আরাফা দিবস উপলক্ষে টানা ছয় দিনের সরকারি ছুটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী ১৮ মে (সোমবার) জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে জিলহজ মাসের ৯ তারিখ অর্থাৎ পবিত্র আরাফা দিবস পড়বে ২৬ মে (মঙ্গলবার)। এর পরদিন ২৭ মে হবে ঈদুল আজহার প্রথম দিন।
আমিরাতের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আরাফা দিবস ও ঈদুল আজহা উপলক্ষে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছয় দিন দেশটিতে সরকারি ছুটি থাকবে। এর মধ্যে জিলহজ মাসের ৯ থেকে ১২ তারিখ পর্যন্ত ঈদের সাধারণ ছুটির সাথে সাপ্তাহিক ছুটি (শনিবার ও রোববার) যুক্ত হয়ে এই দীর্ঘ অবকাশের সুযোগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, জিলহজ মাসের ১০ তারিখে পশু কোরবানির মাধ্যমে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হয়। চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই তারিখ এক দিন এদিক-সেদিক হতে পারে।
