আরাকান আর্মির হাতে জিম্মি ৭৩জেলেকে দেশে ফিরিয়ে আনল বিজিবি

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার জালিয়াপাড়া ট্রানজিট ঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়।

বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আরাকান আর্মির সঙ্গে ধারাবাহিক আলোচনার ফলেই জেলেদের মুক্ত করা সম্ভব হয়েছে। আটক অবস্থায় তারা মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির একটি ক্যাম্পে ছিলেন।

এর আগে জেলেদের ফিরিয়ে আনতে বিজিবির একটি প্রতিনিধি দল সোমবার দুপুরে একই ঘাট থেকে নাফ নদর শূন্য রেখার উদ্দেশে রওনা দেয়। পরে নাফ নদীর শূন্য রেখায় আরাকান আর্মি সদস্যরা জেলেদের বিজিবির কাছে হস্তান্তর করে। দেশে ফেরার পর জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ উদ্বেগের পর স্বজনদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

কমান্ডার আরও জানান, আরাকান আর্মির দাবি—জেলেরা জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় তাদের আটক করা হয়েছিল। তবে এখনো তাদের কাছে আটক থাকা বাকি জেলেদের ফিরিয়ে আনতে আলোচনা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বিভিন্ন সময় নাফ নদ ও বঙ্গোপসাগর এলাকা থেকে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া অন্তত ২০০ জেলে আরাকান আর্মির হাতে আটক রয়েছেন। সর্বশেষ ৭৩ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *