টিসিবির পণ্য বিক্রি শুরু কাল, মিলবে ৫ পণ্য

পবিত্র রমজান উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাজারদরের চেয়ে কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর পাওয়া যাবে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমেও বিক্রি কার্যক্রম চলবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেন টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদত হোসেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত টানা ২০ দিন (শুক্রবার ও সরকারি ছুটি ছাড়া) এ কার্যক্রম পরিচালিত হবে।

রমজান উপলক্ষে অতিরিক্ত দুই পণ্য—ছোলা ও খেজুর—বিক্রি করা হবে যথাক্রমে প্রতি কেজি ৬০ ও ১৬০ টাকায়। এছাড়া ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকা, চিনি ৮০ টাকা এবং মসুর ডাল ৭০ টাকা কেজি দরে বিক্রি হবে।

ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা এবং বরাদ্দ অনুযায়ী এক বা দুই কেজি খেজুর কিনতে পারবেন। ট্রাকের পণ্য সাধারণ ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে। একই সঙ্গে ফ্যামিলি কার্ডধারীদের নিয়মিত বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে। কার্ডধারীদের জন্য ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে; রমজানে তারা ছোলা ও খেজুরও যথাক্রমে ৬০ ও ১৬০ টাকায় পাবেন।

প্রতিদিন ঢাকা মহানগরে ৫০টি, চট্টগ্রাম মহানগরে ২০টি এবং অন্য সাতটি মহানগরে ১৫টি করে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হবে। এছাড়া বাকি ৫৫ জেলায় ৫টি করে মোট ৪৫০টি ট্রাক পরিচালিত হবে।

টিসিবি জানিয়েছে, প্রতিটি ট্রাক থেকে দৈনিক প্রায় ৪০০ জন নিম্নআয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন। এ কার্যক্রমের মাধ্যমে প্রায় ৩৫ লাখ উপকারভোগীর কাছে প্রায় ২৩ হাজার টন পণ্য পৌঁছে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *