দীর্ঘ ৫২ বছর পর চাঁদের চারপাশে প্রদক্ষিণ শেষে সফলভাবে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস ২-এর চার নভোচারী। শুক্রবার (১০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টা ০৭ মিনিটে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে তাঁদের বহনকারী ওরিয়ন ক্যাপসুল ‘ইন্টিগ্রিটি’। এই ঐতিহাসিক মিশন সফল হওয়ায় নভোচারীদের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “আর্টেমিস ২-এর অসাধারণ ও অত্যন্ত দক্ষ ক্রু সদস্যদের অভিনন্দন। পুরো মিশনটি ছিল অনবদ্য এবং অবতরণ হয়েছে একেবারে নিখুঁত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি গভীরভাবে গর্বিত। আমি খুব শীঘ্রই হোয়াইট হাউসে আপনাদের সবার সাথে দেখা করার অপেক্ষায় আছি।”
অভিনন্দন বার্তায় ট্রাম্প আমেরিকার পরবর্তী মহাকাশ লক্ষ্যের কথাও জানান। তিনি বলেন, “আমরা আবারও এমন অভিযান পরিচালনা করব এবং আমাদের পরবর্তী গন্তব্য হবে মঙ্গল গ্রহ (Mars)!”
আর্টেমিস ২ মিশনে ছিলেন কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার এবং মিশন বিশেষজ্ঞ ক্রিস্টিনা কচ ও জেরেমি হ্যানসেন। এই অভিযানে তাঁরা পৃথিবী থেকে ৪ লাখ ৬ হাজার ৭৭১ কিলোমিটার দূরে ভ্রমণ করে ১৯৭০ সালে অ্যাপোলো ১৩-এর গড়া রেকর্ড ভেঙেছেন। এটি ২০২৮ সালে চাঁদে পুনরায় মানুষের অবতরণের পথ প্রশস্ত করল।
