কক্সবাজারে পর্যটন স্পট ও গভীর সমুদ্রের ট্রলারে ফ্রি ইন্টারনেট সেবা চালু

কক্সবাজারে পর্যটকদের আকর্ষণ বাড়াতে এবং গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিনামূল্যে ইন্টারনেট সেবা চালুর ঘোষণা দিয়েছে সরকার। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক এক মতবিনিময় সভায় এই তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মন্ত্রী জানান, কক্সবাজারের মেরিন ড্রাইভসহ গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলো এই ফ্রি ওয়াইফাই জোনের আওতায় থাকবে। এছাড়া পর্যটক এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেসসহ চারটি আন্তঃনগর ট্রেনে ইতিমধ্যে এই সেবা চালু করা হয়েছে।

সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলোর নিরাপত্তা এবং সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করতে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা জরুরি প্রয়োজনে জেলেরা সহজেই মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

সভা শেষে মন্ত্রী কক্সবাজার আইকনিক রেলস্টেশনে যাত্রীদের জন্য ফ্রি ইন্টারনেট সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এরপর তিনি ঝিলংজায় অবস্থিত সাবমেরিন ক্যাবল স্টেশন পরিদর্শন করেন।

জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *