পবিত্র মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।” তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিতা মা-বোনদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বার্তায় স্বাধীনতার মূল লক্ষ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।”
তিনি আরও যোগ করেন, মাতৃভূমির অগ্রগতি ও উন্নয়নের ধারাকে বেগবান করতে জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা এবং দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে। প্রধানমন্ত্রী দেশবাসীকে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার এবং একটি উন্নত ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সবশেষে তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।
