রাজধানীর মগবাজারে আলোচিত ‘নবীন ফ্যাশন’-এর পাঞ্জাবির দোকান জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। এই ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করার পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে দোকানটি খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা মোতাবেক ‘জাস্টিস অব পিস’ হিসেবে স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশ: আদালত আদেশে উল্লেখ করেন, জাতীয় দৈনিকের খবর ও ভিডিওচিত্রে দেখা গেছে – একদল লোক পুলিশের উপস্থিতিতেই দোকানটি বন্ধের নির্দেশ দিচ্ছে এবং উচ্ছৃঙ্খল আচরণ করছে। অথচ পাশে থাকা পুলিশ সদস্যরা নির্লিপ্ত অবস্থায় দাঁড়িয়ে ছিলেন। আদালতের মতে, পুলিশের এমন আচরণ জনমনে ভীতি সৃষ্টি করতে পারে এবং এটি পেশাদারিত্ববিরোধী।
কেন এই আচরণকে আইনবহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে ওসিকে আগামী তিন দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
