ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান শুরু হলে তেহরানের সশস্ত্র বাহিনীকে সরাসরি সমর্থন দিতে দেশটিতে মোতায়েন হতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে রাশিয়ার চেচেন সামরিক ইউনিটগুলো। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের অনুগত বাহিনীগুলো এই সংঘাতকে একটি ‘ধর্মীয় যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য সরাসরি হস্তক্ষেপকে ‘জিহাদ’ বা মন্দের বিরুদ্ধে ভালোর লড়াই হিসেবে আখ্যায়িত করেছে। চেচেন যোদ্ধাদের মতে, এটি ইরানকে রক্ষার জন্য তাদের একটি নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।
গত ২৮ ফেব্রুয়ারি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনা চলাকালীন মিনাব এলাকায় স্কুলে হামলায় ১৭০ জনেরও বেশি শিশুসহ সাধারণ নাগরিক হত্যার ঘটনার মধ্য দিয়ে এই যুদ্ধের সূত্রপাত হয়। গত কয়েক সপ্তাহের বিমান অভিযান ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী এখন ইরানে স্থল অভিযানের পরিকল্পনা করছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রেস টিভির তথ্যমতে, হামলার জবাবে ইরান এ পর্যন্ত ৮৬ দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলা মূলত ইসরাইলের সামরিক স্থাপনা এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটির ওপর পরিচালিত হয়েছে।
ইউক্রেনীয় বাহিনী প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সমর্থন দেওয়ায় এই যুদ্ধ রাশিয়ার জন্য একটি সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই যুদ্ধের প্রভাব মস্কো ও কিয়েভের দীর্ঘস্থায়ী সংঘাতের সাথেও যুক্ত হতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
সূত্র: প্রেস টিভি
