মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতময় পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ঢাকা ও দেশের সব মহানগরের স্কুল-কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বোর্ড প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সমন্বয় সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আপাতত সপ্তাহে ছয় দিনই শিক্ষা কার্যক্রম চলবে। তবে এর মধ্যে তিন দিন হবে সশরীরে (অফলাইন) এবং বাকি তিন দিন অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস অনুষ্ঠিত হবে। জোড় ও বিজোড় তারিখ বা দিন ভাগ করে এই অনলাইন-অফলাইন ক্লাসের সমন্বয় করা হতে পারে।
সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকদের সশরীরে স্কুলে উপস্থিত থাকতে হবে এবং সেখান থেকেই তাঁরা অনলাইনে ক্লাস নেবেন। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই সিদ্ধান্তের বিস্তারিত জানানো হয়নি, তবে দ্রুতই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।
এর আগে আজ সকালেই শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছিলেন, বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে শিক্ষা কার্যক্রমে পরিবর্তনের পরিকল্পনা করছে। তারই ধারাবাহিকতায় এই সমন্বয় সভায় মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হলো।
