ইরানের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট ব্যয়ের পরিমাণ ১২ বিলিয়ন (১ হাজার ২০০ কোটি) ডলারে দাঁড়িয়েছে। হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট রোববার সিবিএস-এর ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এটি পুরো অভিযানের চূড়ান্ত ব্যয় নয়।
হ্যাসেট জানান, এই যুদ্ধের জন্য বর্তমানে কংগ্রেসের কাছ থেকে অতিরিক্ত কোনো অর্থ বরাদ্দ নেওয়ার পরিকল্পনা প্রশাসনের নেই। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের বর্তমান অস্ত্র মজুত যা রয়েছে, তা দিয়েই চলমান সামরিক কার্যক্রম সফলভাবে চালিয়ে নেওয়া সম্ভব।
এর আগে মার্কিন দৈনিক ‘নিউ ইয়র্ক টাইমস’ পেন্টাগনের একটি ব্রিফিংয়ের বরাত দিয়ে জানিয়েছিল যে, যুদ্ধ শুরুর প্রথম ছয় দিনেই ব্যয়ের পরিমাণ ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। হোয়াইট হাউসের দেওয়া বর্তমান হিসাবটি সেই তুলনায় কিছুটা রক্ষণশীল বলে মনে করছেন বিশ্লেষকরা।
যুদ্ধের স্থায়িত্ব নিয়ে হ্যাসেট বলেন, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) প্রাথমিক ধারণা অনুযায়ী পুরো মিশন শেষ হতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগতে পারে। তিনি আরও দাবি করেন যে, বর্তমানে অভিযানের অগ্রগতি মূল পরিকল্পনার তুলনায় কিছুটা এগিয়ে রয়েছে।
