মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে উত্তেজনা তুঙ্গে। ইরানের বিরুদ্ধে এবার ‘চূড়ান্ত আঘাত’ হানার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরান যুদ্ধে জয় নিশ্চিত করতে স্থলবাহিনীর ব্যবহারের পাশাপাশি ব্যাপক বোমাবর্ষণের মতো সামরিক বিকল্পের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনায় কোনো অগ্রগতি না হলে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্গ, লারাক ও আবু মুসা দ্বীপে আক্রমণ এবং হরমুজ প্রণালীর পূর্বে ইরানি তেলবাহী জাহাজ অবরোধের মতো কঠোর পদক্ষেপগুলো পেন্টাগনের বিবেচনায় রয়েছে।
কিছু মার্কিন কর্মকর্তার মতে, ইরানের সঙ্গে সংঘাতের দীর্ঘমেয়াদী অবসানে অতিরিক্ত শক্তি প্রয়োগ অনিবার্য। এতে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থানে থাকবে বলে তারা মনে করেন।
অন্যদিকে, সংঘাত এড়াতে তুরস্ক, পাকিস্তান ও মিসর দুই দেশের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্রমতে, ইরান যুক্তরাষ্ট্রের প্রাথমিক দাবিগুলো প্রত্যাখ্যান করলেও আলোচনা থেকে এখনও পুরোপুরি সরে আসেনি। তবে যুদ্ধের দামামা বর্তমানে যেকোনো সময়ের চেয়ে বেশি উচ্চকিত।
