যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েল যুদ্ধের ২৬তম দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) হোয়াইট হাউসে হোমল্যান্ড সিকিউরিটির নতুন সেক্রেটারি মার্কওয়েন ম্যুলিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন।
ট্রাম্প বলেন, “এই যুদ্ধে আমরা জয়ী হয়েছি। ইরান এখন একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে এবং আমরা তাদের সঠিক লোকজনের সঙ্গেই আলোচনা চালাচ্ছি।” তিনি আরও জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন। ট্রাম্পের দাবি অনুযায়ী, ইরান একটি বড় ধরনের ‘পুরস্কার’ (তেল ও গ্যাস সংক্রান্ত প্রস্তাব) দেওয়ার মাধ্যমে সমঝোতা করতে চাইছে।
বিভ্রান্তি ও বিপরীতমুখী দাবি: ট্রাম্প আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করলেও ইরান সরকারের পক্ষ থেকে বিষয়টিকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে। ইরানি কর্মকর্তারা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সরাসরি কোনো যোগাযোগ হয়নি। তবে সিএনএন-এর একটি রিপোর্ট অনুযায়ী, তেহরান একটি ‘টেকসই’ প্রস্তাব শুনতে প্রস্তুত রয়েছে।
এদিকে, ট্রাম্পের এই মন্তব্যের মধ্যেই ইসরায়েল ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, কোনো শান্তি চুক্তি এই মুহূর্তে ‘বাস্তবসম্মত’ নয়। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের তেল আবিবসহ বিভিন্ন শহরে মিসাইল হামলা অব্যাহত রেখেছে। যুদ্ধবিরতির গুঞ্জনের মাঝেও মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে উত্তেজনা এখনো তুঙ্গে।
