ইরান থেকে নতুন করে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। আলজাজিরা আইডিএফ-এর বিবৃতির বরাতে জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে এবং এসব হামলা ঠেকাতে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।
ইসরায়েলি সেনাবাহিনী সম্ভাব্য হামলার ভয়াবহতা বিবেচনা করে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠিয়েছে। বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
পরিস্থিতি কতটা উদ্বেগজনক তা বোঝা যায় আইডিএফ-এর ঘনঘন সতর্কবার্তায়। বাসিন্দাদের একবার আশ্রয়কেন্দ্র ছেড়ে যেতে বলার কিছুক্ষণ পরেই সেনাবাহিনী আবারও সতর্কবার্তা জারি করে। ইরান থেকে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করায় মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে আবারও ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়।
মধ্যপ্রাচ্যে এই পাল্টা-পাল্টি হামলা যুদ্ধের উত্তেজনাকে এক নতুন এবং ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে।
