ইসলামী ব্যাংকে খোরশেদ আলমের নিয়োগে এস আলম সিন্ডিকেট পুনর্বাসনের নীল নকশা চলছে: ডা. ইরান

আওয়ামী ফ্যাসিবাদের দোসর, ব্যাংক ডাকাত ও অর্থ পাচারকারী বিতর্কিত ‘এস আলম সিন্ডিকেটকে’ দেশের ব্যাংকিং খাতে আবারও পুনর্বাসনের লক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলে এক বিস্ফোরক ও গুরুতর অভিযোগ তুলেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

আজ সোমবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক কড়া বিবৃতিতে তিনি দাবি করেন— তারই সুনির্দিষ্ট অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও বিতর্কিত কর্মকর্তা খোরশেদ আলমকে বেসরকারি খাতের বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরান তাঁর বিবৃতিতে বলেন, “দেশের সর্বস্তরের জনগণ গত ৫ আগস্টের এক ঐতিহাসিক রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ, লুটপাট, ব্যাংক ডাকাতি ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বর্তমান সরকার সেই গণ-আকাঙ্ক্ষাকে সম্পূর্ণ উপেক্ষা করে আবারও চিহ্নিত ব্যাংক লুটেরাদের পুনর্বাসনের নীল নকশা বাস্তবায়ন করছে।”

ডা. ইরান সরাসরি অভিযোগের আঙুল তুলে বলেন, বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রকাশ্যে এস আলম গোষ্ঠীর দোসর ও লালন-পালনকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। গণঅভ্যুত্থানের পর দীর্ঘদিন পর দেশে ফিরেই তিনি স্বশরীরে এস আলমের দেওয়া বিলাসবহুল গাড়িতে চড়ে নিজের বাসায় গেছেন।

বিবৃতিতে ডা. মোস্তাফিজুর রহমান ইরান আরও অভিযোগ করেন— এস আলমের ব্যবসা-বাণিজ্য ও অবৈধ কার্যক্রম নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ছেলে সৈয়দ ইব্রাহিমকে সরাসরি এস আলমের কর্পোরেট অফিসে বসিয়েছেন। এখন বিগত সরকারের আমলে জোরপূর্বক দখলকৃত ব্যাংকগুলো আবারও এস আলমের হাতে ফিরিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই খোরশেদ আলমকে ইসলামী ব্যাংকের এমডি পদের চেয়ারে বসানো হয়েছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গত দেড় দশকে আওয়ামী ফ্যাসিবাদের ছত্রছায়ায় দেশের ব্যাংকিং খাতকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দখল, লুটপাট ও দলীয়করণের মাধ্যমে জনগণের কষ্টার্জিত আমানতকে চরম হুমকির মুখে ফেলা হয়েছে। এখন আবার সেই পুরোনো অপরাধী সিন্ডিকেট পুনর্বাসনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

লেবার পার্টির চেয়ারম্যান অবিলম্বে ইসলামী ব্যাংকের এমডি হিসেবে খোরশেদ আলমের বিতর্কিত নিয়োগ বাতিল, ইসলামী ব্যাংকসহ পুরো ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, বিগত দেড় দশকে ব্যাংক খাতের লুটপাটের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার এবং এস আলম সিন্ডিকেটের সব অবৈধ কার্যক্রমের নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *