ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা; শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

পবিত্র ঈদুল ফিতরের দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২০ মার্চ (শুক্রবার) অথবা ২১ মার্চ (শনিবার) সম্ভাব্য ঈদের দিনে আবহাওয়া কেমন থাকবে, সে বিষয়ে বুধবার (১৮ মার্চ) বিশেষ বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের তথ্যমতে, আগামী পাঁচ দিনের পূর্বাভাসে দেখা যাচ্ছে—২০ মার্চ রংপুর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

২১ মার্চও প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। ওই দিন দেশের আটটি বিভাগেই বিচ্ছিন্নভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। শিলাবৃষ্টির আশঙ্কায় খোলা মাঠে ঈদের জামাত আয়োজনে কিছুটা বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও বজ্রপাতের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *