বিগত ১৭ বছরে গুম ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পুনর্বাসনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আলাদা শাখা বা বিভাগ খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। বুধবার (১৮ মার্চ) রাজধানীর এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এ তথ্য জানান।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে গুম-খুন ও জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “গুম হওয়া পরিবারগুলোর কষ্ট আমি অনুধাবন করেছি। ঈদের পরপরই আমি প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব রাখব যেন এই পরিবারগুলোর পুনর্বাসন ও সহায়তায় বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়।” তিনি আরও জানান, এসব পরিবারের সন্তানদের উচ্চশিক্ষা এবং ভূমিহীনদের জন্য আবাসন নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ২০১৩-১৪ সাল থেকে বর্তমান পর্যন্ত প্রতিটি গুম, খুন ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের অঙ্গীকার করেন। তিনি বলেন, “বাবার সামনে সন্তানের বুক ঝাঁজরা করে দেওয়ার মতো প্রতিটি পাশবিক ঘটনার বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করা হবে। যারা গুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই রাজপথে নেমেছিলেন; তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।”
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গুম ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে প্রতিমন্ত্রী ব্যক্তিগত ও সরকারি পক্ষ থেকে উপস্থিত পরিবারগুলোর হাতে ঈদ উপহার তুলে দেন এবং তাঁদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
