ইরানের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা; বন্ধ ২টি শোধনাগার

ইরানের জ্বালানি খাতের ওপর চরম আঘাত হেনেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বুধবার (১৮ মার্চ) বিকেলে বুশেহর প্রদেশের আসালুয়েহ এলাকায় অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র ‘সাউথ পার্স’-এর স্থাপনাগুলোতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে এবং দুটি প্রধান শোধনাগারের উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও বুশেহর প্রদেশের উপ-গভর্নর এহসান জাহানিয়ান জানিয়েছেন, ‘আমেরিকান-জায়নিস্ট’ শত্রুরা সাউথ পার্স বিশেষ অর্থনৈতিক জ্বালানি অঞ্চলের ৩, ৪, ৫ এবং ৬ নম্বর ইউনিটের গ্যাস স্টোরেজ ট্যাংক ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলার পরপরই বিকট বিস্ফোরণে এলাকাটি কেঁপে ওঠে এবং বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক দল কাজ করছে।

সাউথ পার্স গ্যাসক্ষেত্রটি ইরানের মোট অভ্যন্তরীণ চাহিদার প্রায় ৭০ শতাংশ গ্যাস সরবরাহ করে। আজকের হামলার ফলে দৈনিক প্রায় ১০০ মিলিয়ন কিউবিক মিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন দুটি শোধনাগার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের কোনো খবর পাওয়া যায়নি; কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত আজ ১৯তম দিনে গড়িয়েছে। গতকাল রাতে ইরানের গোয়েন্দা মন্ত্রী এসমাঈল খাতিবসহ শীর্ষ দুই নিরাপত্তা কর্মকর্তা নিহতের পর ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর কয়েক ঘণ্টার মাথায় ইরানের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত এই গ্যাসক্ষেত্রে আঘাত হানল ইসরায়েলি বিমান বাহিনী।

সূত্র – আলজাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *