যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৪৭ হাজার যানবাহন পারাপার; টোল আদায় ৩ কোটি ৩৯ লাখ টাকা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে ঘরমুখো মানুষের ঢল নেমেছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে। এর ফলে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা কয়েকগুণ বেড়েছে। যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত মোট ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে মোট ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা টোল আদায় করা হয়েছে।

সেতু কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ ছিল সবচেয়ে বেশি। উত্তরবঙ্গের দিকে ২৭ হাজার ৪৯৮টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা।

অন্যদিকে, রাজধানী ঢাকার দিকে ফিরেছে ১৯ হাজার ৪৪৫টি যানবাহন। ঢাকাগামী এসব যানবাহন থেকে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা টোল আদায় করা হয়েছে।

যানবাহনের এই বিশাল চাপের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির গতি কিছুটা কম থাকলেও বড় ধরনের কোনো দীর্ঘস্থায়ী যানজট এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও প্রশাসনের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *