২০২৬ বিশ্বকাপ: ১৮ মে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল

আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, আগামী ১৮ মে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন তিনি। তার আগে ফিফার নিয়ম অনুযায়ী ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা ব্রাজিল ফুটবল কনফেডারেশনে (সিবিএফ) জমা দেওয়া হবে।

গোলপোস্টের নিচে অ্যালিসন বেকার এবং এদেরসনের জায়গা প্রায় নিশ্চিত থাকলেও তৃতীয় গোলরক্ষক হিসেবে লড়াই চলছে বেন্তো ও হুগো সৌজার মধ্যে। রক্ষণভাগে মারকিনিওস ও গ্যাব্রিয়েল মাগালহায়েস কোচের প্রথম পছন্দ হলেও ইনজুরির কারণে এদার মিলিতাওয়ের অনুপস্থিতি নতুনদের জন্য দরজা খুলে দিয়েছে। মিডফিল্ডে অভিজ্ঞ কাসেমিরো ও ব্রুনো গিমারায়েসের সাথে লুকাস পাকেতা থাকছেন মূল পরিকল্পনায়।

ব্রাজিলের ফরোয়ার্ড লাইনে বরাবরের মতোই তারকাদের ছড়াছড়ি। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও ম্যাথিউস কুনিয়া অনেকটা নিশ্চিত থাকলেও স্ট্রাইকার পজিশনের জন্য রিচার্লিসন ও তরুণ তুর্কি এন্দরিকের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে।

নেইমার কি থাকছেন? সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পোস্টার বয় নেইমারকে নিয়ে। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে সান্তোসে ফিরলেও তার ফিটনেস নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে ছাড়া আনচেলত্তি দল সাজাবেন কি না, সেটিই এখন দেখার বিষয়। নেইমারকে দলে না রাখা হলে তা হবে এবারের বিশ্বকাপের বড় চমক।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ৪৮ দলের এই মহাযজ্ঞে হেক্সা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে ব্রাজিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *