হাসপাতালে অশোভন আচরণের অভিযোগে ২ তরুণীকে আটক করল পুলিশ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় অসংলগ্ন ও অশোভন আচরণের দায়ে দুই তরুণীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ড থেকে তাঁদের আটক করা হয়।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, ২৭ বছর বয়সী এক বিবাহিত নারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর সেবার জন্য ২০ বছর বয়সী অন্য এক তরুণী সেখানে অবস্থান করছিলেন। তবে তাঁদের আচার-আচরণ সন্দেহজনক এবং অশোভন মনে হওয়ায় দায়িত্বরত আনসার সদস্যরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে চিকিৎসাধীন ওই নারীর মায়ের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে তাঁদের আটক করে থানায় সোপর্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক দুই তরুণীর পরিচয় হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে। তাঁদের মধ্যে গড়ে ওঠা বিশেষ সম্পর্কের কারণে ইতিপূর্বেও পারিবারিক কলহ তৈরি হয়েছিল। চিকিৎসাধীন ওই নারী বিবাহিত এবং তাঁর একটি সন্তান রয়েছে বলে হাসপাতাল সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, হাসপাতালের অভিযোগের ভিত্তিতে দুই তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। তাঁরা নিজেদের মধ্যে বিশেষ সম্পর্কের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ফৌজদারি অভিযোগ না থাকায় তাঁদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। আদালতই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *