আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও যানজটমুক্ত রাখতে বিশেষ নির্দেশনা ও গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধসহ নির্দিষ্ট কিছু রুট পরিহারের অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে সাধারণ ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জরুরি সেবার যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
আগামী ১৬ মার্চ থেকে জরুরি প্রয়োজন ছাড়া ঢাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে পুলিশ।
এর মধ্যে রয়েছেঃ-
- কুড়িল থেকে আবদুল্লাহপুর (ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক)
- গুলিস্তান থেকে সাইনবোর্ড (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক)
- আড়ং ক্রসিং থেকে আমিনবাজার (মিরপুর রোড/ঢাকা-আরিচা মহাসড়ক)
- ফুলবাড়িয়া থেকে বাবুবাজার ব্রিজ (ঢাকা-কেরানীগঞ্জ সড়ক)
- বছিলা ক্রসিং থেকে বছিলা ব্রিজ এবং আবদুল্লাহপুর থেকে ধউর ব্রিজ এলাকা।
বাস মালিক ও শ্রমিকদের জন্য ডিএমপি স্পষ্ট জানিয়েছেঃ-
- আন্তঃজেলা বাসগুলো টার্মিনালের ভেতর থেকে যাত্রী তুলবে, রাস্তার ওপর বাস দাঁড় করানো যাবে না।
- নির্ধারিত ভাড়ার বেশি টাকা আদায় করা যাবে না এবং একই সিটের টিকিট একাধিক ব্যক্তির কাছে বিক্রি করা দণ্ডনীয় অপরাধ।
- বাসের ছাদে যাত্রী বহন বা অতিরিক্ত যাত্রী তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।
- চালকদের একটানা ৫ ঘণ্টার বেশি এবং দিনে মোট ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করা যাবে না।
চালকদের জন্য সতর্কবার্তা –
চালকদের বৈধ লাইসেন্স ও গাড়ির হালনাগাদ কাগজপত্র সাথে রাখতে হবে। নেশাজাতীয় দ্রব্য সেবন, বেপরোয়া গতিতে ওভারটেকিং, উল্টো পথে গাড়ি চালানো এবং গাড়ি চালানোর সময় মোবাইল বা হেডফোন ব্যবহার করা যাবে না। ফিটনেসবিহীন বা কালো ধোঁয়া নির্গতকারী জরাজীর্ণ যানবাহন রাস্তায় নামালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
