কুষ্টিয়া মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে দালালের দৌরাত্ম্য এবং ‘স্পিড মানি’ বা ঘুষ লেনদেনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা। তিনি বলেছেন, “কালো হাতগুলোর কথা আমি জেনেছি। কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে, তা আমি দেখব।”
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মুফতি আমির হামজা জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গভাবে চালু করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “মেডিকেল কলেজ আমাদের আবেগের জায়গা। এটি যেন দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু হয়, সে বিষয়ে আজ মিটিং হয়েছে। কয়েক দিনের মধ্যেই আপনারা একটি বড় সুখবর জানতে পারবেন, যা সবাইকে আনন্দিত করবে।”
সরকারি অফিসগুলোতে সাধারণ মানুষের যাতায়াত সহজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “মানুষ আগে ডিসি-এসপি অফিস বা থানায় যেতে ভয় পেত। আমরা চাচ্ছি এসব জায়গা যেন জনবান্ধব হয়। বর্তমান জেলা প্রশাসক সকাল থেকেই মানুষের সেবা নিশ্চিত করছেন, যা একটি ইতিবাচক পরিবর্তন।”
হাসপাতালের বিভিন্ন অনিয়ম নিয়ে কর্মকর্তাদের সতর্ক করে আমির হামজা বলেন, “অনেকে অজুহাত দিয়ে দোষ উপরওয়ালাদের ওপর চাপাতে চান। আমি পরিষ্কার বলে দিয়েছি—কুষ্টিয়ায় উপরওয়ালা কেউ নেই, আমিই আছি। কোনো অনিয়ম হলে সরাসরি আমাকে জানাবেন।”
তিনি আরও যোগ করেন, “অনেকে আমাকে অফার দিচ্ছে কড়াকড়ি ঢিলা করার জন্য। কিন্তু আমি জনগণের জন্য যে শপথ নিয়েছি, তা থেকে বিচ্যুত হব না। অতীতে যারা শপথ ঠিক রাখেনি, তারা আল্লাহর কাছে জবাব দেবে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।”
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন, মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. শহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
