এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল; ২৮ এপ্রিল পর্যন্ত সুযোগ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণ করার সুযোগ পাবে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নির্দেশনাটি সারা দেশের সব বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো।

শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনেক শিক্ষার্থী কারিগরি সমস্যা বা ব্যক্তিগত কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে পারেনি। পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে এবং তাদের শিক্ষাজীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই লক্ষ্যে এই বিশেষ সুযোগ দেওয়া হলো। এটাই ফরম পূরণের শেষ সুযোগ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *