এনসিপির ছায়াতলে দেশের মানুষ সমবেত হবে বলে আশাবাদী নাহিদ ইসলাম

ঢাকা | জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ বিকল্প খুঁজছে এবং অদূর ভবিষ্যতে সারা দেশের মানুষ এনসিপির ছায়াতলেই সমবেত হবে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকদের এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “সাম্প্রতিক সময়ে এনসিপির প্রতি সাধারণ মানুষের যে আগ্রহ ও সমর্থন দেখা যাচ্ছে, তাতে এটি স্পষ্ট যে একসময় দেশের গণমানুষের মূল আশ্রয়স্থল হবে এই দল। আগামী স্থানীয় সরকার নির্বাচনেও এনসিপি অভাবনীয় সাফল্য পাবে বলে আমরা আশাবাদী।”

বক্তব্যে তিনি বর্তমান সরকারের সমালোচনা করে দাবি করেন, গণভোটের রায়কে উপেক্ষা করে সরকার পুনরায় পেশীশক্তির রাজনীতি কায়েমের চেষ্টা করছে। তিনি জনগণকে এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসান হক ইকবাল এবং ছাত্রদলের সাবেক নেতা ইসহাক সরকারসহ মোট চারজন বিশিষ্ট ব্যক্তি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেন। দলটির আহ্বায়ক তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নতুন এবং অভিজ্ঞদের সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই এনসিপির মূল লক্ষ্য। এই নবীন-প্রবীণের মেলবন্ধন দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *