চলতি এপ্রিল মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ মাসে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এপ্রিলে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে।
চলতি মাসে দেশে বিক্ষিপ্তভাবে ৫ থেকে ৭ দিন হালকা অথবা মাঝারি ধরনের শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্তত ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
এপ্রিলে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। আবহাওয়া অফিসের তথ্যমতে, মাসে ২ থেকে ৪টি মৃদু (৩৬-৩৭.৯° সে.) অথবা মাঝারি (৩৮-৩৯.৯° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, যেখানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
এপ্রিল মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে পানির প্রবাহ স্বাভাবিক থাকতে পারে। দৈনিক গড় সূর্য কিরণকাল ৫.৫ থেকে ৭.৫ ঘণ্টা এবং বাষ্পীভবন ৩.০ থেকে ৫.০ মিমি হতে পারে।
