সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। তবে এবারের পরীক্ষায় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সম্ভাব্য ‘আকস্মিক পরিদর্শন’। ২০০১-০৬ মেয়াদে শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন নকলের বিরুদ্ধে আপসহীন অবস্থানের জন্য পরিচিত এই মন্ত্রী আবারও পুরোনো রূপে ফিরছেন বলে গুঞ্জন তুঙ্গে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হলেও শিক্ষামন্ত্রী কোন কেন্দ্রে পরিদর্শনে যাবেন, তা পুরোপুরি গোপন রাখা হয়েছে। সাধারণত মন্ত্রীর পরিদর্শন সূচি আগে থেকে গণমাধ্যমকে জানানো হলেও এবার মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখছে। এমনকি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারাও এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি।
শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) এবং জনসংযোগ কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্ত্রী ঠিক কোথায় যাবেন সেটি একান্তই তাঁর নিজস্ব সিদ্ধান্ত। এ বিষয়ে কাউকে আগাম কিছু জানানো হয়নি। রাজধানী ঢাকা নাকি ঢাকার বাইরের কোনো জেলায় তিনি হঠাৎ হাজির হবেন—তা নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক কৌতূহল কাজ করছে।
উল্লেখ্য, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় হেলিকপ্টারে করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আকস্মিক অভিযান চালিয়ে ‘হেলিকপ্টার মিলন’ হিসেবে পরিচিতি পান তিনি। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরও তিনি একইভাবে সশরীরে উপস্থিত হয়ে নকল ও অব্যবস্থাপনা রোধে কঠোর বার্তার ইঙ্গিত দিয়েছেন।
এ বছর সারা দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ লাখ ৫০ হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রথম দিনে সাধারণ বোর্ডগুলোতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দুপুর ১টা পর্যন্ত চলবে এই পরীক্ষা।
