সংবাদমাধ্যমের ওপর ক্ষুব্ধ ট্রাম্প; ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের দাবি

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের চালানো ‘অপারেশন মিডনাইট হ্যামার’ (Operation Midnight Hammer)-এর সংবাদ পরিবেশন নিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলোর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বিশেষ করে সিএনএন-সহ শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো মার্কিন সামরিক বাহিনীর সাফল্যকে খাটো করে দেখাচ্ছে বলে অভিযোগ তাঁর।

স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তিনি লিখেছেন, “অপারেশন মিডনাইট হ্যামারের মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এটি পুনরুদ্ধার করা এখন দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া।”

ট্রাম্প সরাসরি সিএনএন এবং অন্যান্য নেটওয়ার্ককে ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘ভুয়া সংবাদ পরিবেশনকারী’ হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, এই সংবাদমাধ্যমগুলো সাহসী মার্কিন পাইলটদের প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ। নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, “তারা এমনভাবে সংবাদ দিচ্ছে যেন যুক্তরাষ্ট্র যুদ্ধে হেরে যাচ্ছে, অথচ আমরা ‘অনেক ব্যবধানে’ জিতছি।”

আমেরিকা বিরোধী তকমা দিয়ে ট্রাম্প আরও বলেন, এই সংবাদমাধ্যমগুলো ইরানের জয়ের পক্ষ নিচ্ছে। সংবাদমাধ্যমগুলোকে বিদ্রুপ করে তিনি পরামর্শ দেন, তারা কি সঠিক সময়ে বলতে পারে না যে—‘মিস্টার প্রেসিডেন্ট, আপনি দারুণ কাজ করেছেন’? এটি বললে তারা তাদের হারানো বিশ্বাসযোগ্যতা ফিরে পেতে শুরু করবে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য যে, গত ১০ এপ্রিল থেকে ইরান নীতি ও সামরিক অভিযান নিয়ে মার্কিন গণমাধ্যমগুলোর সাথে ট্রাম্পের বাগযুদ্ধ চরম রূপ ধারণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *