তামিল সিনেমার ‘থালাপতি’ খ্যাত সুপারস্টার ও নবীন রাজনীতিবিদ বিজয়ের দাম্পত্য বিচ্ছেদ এখন টক অব দ্য টাউন। স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমের সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টানতে গিয়ে খোরপোশ হিসেবে প্রায় ২৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫০ কোটি টাকা) দিতে হতে পারে এই অভিনেতাকে। তবে খোরপোশের এই বিশাল অঙ্ক নিয়ে সমঝোতা না হওয়ায় আইনি প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হচ্ছে।
জানা গেছে, বিচ্ছেদের বিনিময়ে সঙ্গীতা ২৫০ কোটি রুপি এবং চেন্নাইয়ের একটি বিলাসবহুল ‘সি-ফেসিং’ (সমুদ্রমুখী) বাড়ি দাবি করেছেন। অন্যদিকে বিজয় বিষয়টি আদালতের বাইরে মিটিয়ে নিতে চাইছেন এবং সর্বোচ্চ ৩৫ কোটি রুপি দিতে রাজি হয়েছেন। খোরপোশের এই বিশাল ব্যবধানের কারণেই মূলত আইনি বিচ্ছেদ প্রক্রিয়া ঝুলে রয়েছে।
এদিকে ব্যক্তিগত ঝামেলার মাঝেই রাজনৈতিক ময়দানে ব্যস্ত সময় পার করছেন বিজয়। আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ু বিধানসভা নির্বাচন। নির্বাচনে প্রার্থী হওয়ায় ব্যস্ততার কারণ দেখিয়ে ২০ এপ্রিলের নির্ধারিত শুনানি স্থগিতের আবেদন জানান তিনি। আদালত তাঁর আবেদন মঞ্জুর করে আগামী ১৫ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। ফলে আপাতত দুই মাসের জন্য পিছিয়ে গেল তাঁদের আইনি বিচ্ছেদ।
১৯৯৯ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন বিজয় ও সঙ্গীতা। দীর্ঘদিন তাঁদের সুখী দাম্পত্যের উদাহরণ দেওয়া হলেও এখন তা বিচ্ছেদের দ্বারপ্রান্তে। একদিকে নির্বাচনের অগ্নিপরীক্ষা, অন্যদিকে সাড়ে ৩৫০ কোটি টাকার খোরপোশ—সব মিলিয়ে জীবনের এক জটিল সন্ধিক্ষণে রয়েছেন থালাপতি বিজয়।
