মধ্যপ্রাচ্যজুড়ে রণক্ষেত্রের আবহ। কাতার ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ও কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। বুধবার (৪ মার্চ) বাংলাদেশ সময় রাত পৌনে চারটার দিকে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের দুটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ার খবর নিশ্চিত করেছে। এর মধ্যে একটি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হলেও অপরটি সরাসরি আঘাত হানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল-উদেইদে। কাতারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন কনস্যুলেট ভবনে ড্রোন হামলা চালিয়েছে ইরান। বার্তা সংস্থা রয়টার্স ও আল-জাজিরা জানিয়েছে, হামলার পর কনস্যুলেট ভবনের পাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে এবং আগুন ছড়িয়ে পড়েছে। দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি সেবা বিভাগ দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং সেখানে কোনো প্রাণহানি ঘটেনি।
এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলার ঘটনা ঘটে। সেখানে অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। একের পর এক মার্কিন স্থাপনায় ইরানের এই ঝটিকা হামলা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।
সূত্র – আল জাজিরা/বার্তা সংস্থা রয়টার্স
