ইরানের চলমান সংঘাত পরবর্তী শাসনব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শেষ হওয়ার পর দেশটির নেতৃত্ব দেওয়ার জন্য রেজা পাহলভীর চেয়ে ইরানের ভেতরে থাকা কেউ একজন বেশি যোগ্য হতে পারেন।
মঙ্গলবার (৩ মার্চ) হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলরের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানে ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তাকে (রেজা পাহলভী) বেশ চমৎকার একজন মানুষ বলে মনে হয়। তবে আমার মনে হয়, দেশটির দায়িত্ব নেওয়ার জন্য ইরানের ভেতর থেকে কেউ আসাটাই হয়তো বেশি ভালো হবে।”
প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার কট্টরপন্থী ধারার কঠোর সমালোচনা করেন। তিনি সতর্ক করে বলেন, “সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে যদি প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির মতো কেউ আবার ইরানের ক্ষমতায় আসে।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য নির্বাসিত ইরানি রাজপরিবারের সমর্থকদের জন্য কিছুটা হতাশাজনক হতে পারে, যারা রেজা পাহলভীকে পরবর্তী শাসক হিসেবে দেখতে চান।
সূত্র: আল জাজিরা
