দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরের কাছে ‘কাম এয়ার’-এর জ্বালানি ডিপোতে পাকিস্তান নতুন করে বোমা হামলা চালিয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। আজ শুক্রবার (১৩ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে কাবুল।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, যে জ্বালানি ডিপোতে হামলা চালানো হয়েছে তা থেকে মূলত বেসামরিক এবং জাতিসংঘের (UN) বিমানগুলোতে জ্বালানি সরবরাহ করা হতো। তিনি অভিযোগ করেন, পাকিস্তান কাবুলসহ বিভিন্ন এলাকায় নির্বিচারে হামলা চালাচ্ছে, যেখানে বেসামরিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং নিহতের তালিকায় নারী ও শিশুরা রয়েছেন। এই হামলার কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গত মাসে পাকিস্তানের বিমান হামলার পর থেকেই দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়। ইসলামাবাদের দাবি, তারা আফগান সীমান্তের ভেতরে থাকা ‘সন্ত্রাসীদের ঘাঁটি’ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকে, তালেবান সরকার একে আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপ বলে আখ্যায়িত করেছে। ইসলামাবাদ দাবি করছে যে, কাবুল সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দিচ্ছে, যা তালেবান কর্তৃপক্ষ বরাবরই অস্বীকার করে আসছে।
চীনের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও এই নতুন হামলা সেই প্রচেষ্টাকে প্রশ্নের মুখে ফেলেছে। যদিও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামাবাদ ও বেইজিং আফগানিস্তান ইস্যুতে সংলাপ চালিয়ে যাচ্ছে, তবে মাঠ পর্যায়ের পরিস্থিতি বলছে ভিন্ন কথা। পাকিস্তানের সেনাবাহিনী এখন পর্যন্ত এই হামলা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
