মেহেদির রঙ মোছার আগেই চিরবিদায়; বরের বাড়ি যাওয়া হলো না নববধূর, প্রাণ গেল ১৪ জনের

হাতে মেহেদির লাল রঙ, পরনে খয়েরি বেনারসি আর মাথায় সোনালি পাড়ের বিয়ের ওড়না—এই সাজেই নতুন জীবনের পথে পা রেখেছিলেন মার্জিয়া আক্তার মিতু। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে স্বামীর ঘরে পৌঁছানোর আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ মাইক্রোবাসের ১৪ জন যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বরপক্ষ কনেকে নিয়ে একটি মাইক্রোবাসে করে মোংলার শ্যালাবুনিয়া গ্রামের উদ্দেশে যাচ্ছিলেন। পথে নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে ১৪ জনের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। জরুরি বিভাগের স্ট্রেচারে বেনারসি পরা নববধূর নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হয় বিষাদে। কাটাখালী হাইওয়ে থানার ওসি জাফর আহমেদ জানান, মাইক্রোবাসটিতে থাকা ১৫ জনের মধ্যে ১৪ জনই মারা গেছেন। একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহত নববধূ মার্জিয়া আক্তার খুলনার কয়রা উপজেলার নাকসা গ্রামের আবদুস সালাম মোড়লের মেয়ে। বুধবার রাতে মোংলার আহাদুর রহমান সাব্বিরের সঙ্গে তাঁর বিয়ে হয়। বৃহস্পতিবার বরপক্ষের সাথে তিনি নতুন জীবনের পথে রওনা হয়েছিলেন। নিহতদের মধ্যে বরপক্ষের ১১ জন এবং কনেপক্ষের ৩ জন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *