রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (১৩ মার্চ) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে।
গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন প্রবীণ এই রাজনীতিবিদ। ওই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ ও শারীরিক পরিস্থিতির জটিলতা বিবেচনা করে তার পরিবার ও সরকার তাকে বিদেশে স্থানান্তরের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে।
বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি সেখানে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
এর আগে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের একাধিক মন্ত্রী ও দলের শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন। তারা কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে চিকিৎসার সার্বিক তদারকি করেন।
মির্জা আব্বাসের পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
