কালুরঘাটে ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক; নিখোঁজ ১

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনার রেশ না কাটতেই এবার চট্টগ্রামে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে কালুরঘাট ব্রিজের বোয়ালখালী অংশে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক কর্ণফুলী নদীতে তলিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায়। এ সময় নদীতে লাফ দেওয়া একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ব্যক্তি ট্রাকের চালক বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাকে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের দাবি, ট্রাকচালকের সহকারী (হেলপার) এখনো নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছালেও রাত সাড়ে ১১টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, রাতে নদীতে ডুবুরি দল কাজ করার নিয়ম না থাকলেও প্রশাসনের বিশেষ অনুরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ‘সৌহার্দ্য পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস পদ্মায় ডুবে যায়। ওই মর্মান্তিক দুর্ঘটনায় এখনপর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে ফেরিঘাটে এমন বারবার দুর্ঘটনা সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *