দেশে চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিয়ন্ত্রণে এবার ব্যাংকিং লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে দেশের সকল ব্যাংকের কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এই তথ্য নিশ্চিত করেছেন।
ব্যাংকের পাশাপাশি সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে। রোববার থেকে সব অফিস সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এছাড়া জ্বালানি সাশ্রয়ের লক্ষে শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে বিয়ে বা অন্য কোনো সামাজিক অনুষ্ঠানে সব ধরনের আলোকসজ্জা না করার জন্য নির্দেশনা জারি করেছে সরকার। অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বন্ধে মাঠ পর্যায়ে কড়াকড়ি আরোপ করা হবে বলে জানানো হয়েছে।
সচিব আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচি পরিবর্তনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আগামী রোববার বিস্তারিত জানানো হবে। সরকারের এই সম্মিলিত পদক্ষেপ জ্বালানি ব্যবহার নিয়ন্ত্রণ এবং বর্তমান বিদ্যুৎ সংকট কাটাতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
