ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় মহাসড়কের মিয়ামী হোটেলের সামনে স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি প্রাইভেটকারকে চাপা দিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন – নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার ছাতারপাইয়া গ্রামের আব্দুল মমিন (৫০), তাঁর স্ত্রী ঝর্না বেগম (৪০), ছেলে সাইফ (৭) ও মেয়ে লাবিবা (১৮)। এছাড়া দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের চালক জামাল হোসেন (৫২) ঘটনাস্থলেই প্রাণ হারান। জামাল হোসেনের বাড়ি বরিশাল জেলায়।
এই ঘটনায় আব্দুল মমিনের ১২ বছর বয়সী ছেলে আবরার গুরুতর আহত অবস্থায় ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন জানান, সন্ধ্যায় মিয়ামি হোটেলের সামনে দ্রুতগামী স্টার লাইন পরিবহনের বাসটি প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর পরিবারের চার সদস্যের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
