চুয়াডাঙ্গার দামুড়হুদায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ না করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় হাতাহাতি ও উত্তেজনার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার নাটুদা ইউনিয়নে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, পরিস্থিতি চলাকালে এক জামায়াত নেতাকে ‘খেয়ে ফেলার’ হুমকি দিয়েছেন এক বিএনপি নেতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাটুদা হাই স্কুলে উপজেলা প্রশাসনের আয়োজনে ফুল দেওয়া ও দোয়ার অনুষ্ঠান চলাকালে সঞ্চালক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ করেননি। এতে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং অনুষ্ঠান পরিচালনাকারী শিক্ষকের ওপর চড়াও হন। এ সময় জামায়াত নেতাকর্মীরা বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে তুমুল বাগবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়।
একপর্যায়ে নাটুদা ইউনিয়ন জামায়াতের আমির শামসুজ্জোহা ও স্থানীয় বিএনপি নেতার ভাই শামসুলের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়। জামায়াত নেতাদের দাবি, প্রকাশ্যে তাঁদের আমিরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। উপজেলা জামায়াতের আমির নায়েব আলী এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু অভিযোগ করেন, সরকারি অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষকের নাম বারবার অনুরোধ সত্ত্বেও উপস্থাপক (যিনি জামায়াত কর্মী হিসেবে পরিচিত) এড়িয়ে গেছেন। এছাড়া অনুষ্ঠানে বিএনপি নেতাদের যথাযথ সম্মান ও আমন্ত্রণ জানানো হয়নি বলেও তিনি দাবি করেন।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওবায়দুল্লাহ রহমান সাহেল ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, স্বাধীনতার ঘোষকের নাম নিয়ে সৃষ্ট বিতর্ক থেকে ঘটনার সূত্রপাত হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সমন্বয়হীনতা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
