কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা আবারও আইনি নোটিশের মুখে পড়েছেন। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে এই নোটিশ পাঠানো হয়।
জাতীয় ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব মো. আই-ইয়াশ ইমনের পক্ষে কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী নুরুল ইসলাম এই নোটিশ পাঠান। আগামী ১০ দিনের মধ্যে এই নোটিশের সন্তোষজনক জবাব না দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
নোটিশের মূল অভিযোগ: নোটিশে উল্লেখ করা হয়, এমপি আমির হামজা বিভিন্ন জনসভা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। অভিযোগ অনুযায়ী, তিনি ফজলুর রহমানকে ‘ফজু পাগলা’ বলে সম্বোধন করা ছাড়াও তাকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানো এবং ‘কুকুর মারার ইনজেকশন’ দেওয়ার মতো চরম আপত্তিকর বক্তব্য দিয়েছেন। এসব বক্তব্য একজন বীর মুক্তিযোদ্ধার সম্মানহানি করেছে এবং তাকে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে দাবি করা হয়েছে।
চলতি মাসে এটি তৃতীয় নোটিশ: উল্লেখ্য, গত এক মাসে এ নিয়ে তৃতীয়বার আইনি নোটিশ পেলেন আমির হামজা।
- ১ এপ্রিল: কুষ্টিয়া মেডিকেল কলেজ সংক্রান্ত ঘুষের প্রস্তাবের তথ্য প্রকাশের দাবিতে প্রথম নোটিশ।
- ১৩ এপ্রিল: জেলা প্রশাসককে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দ্বিতীয় নোটিশ।
নোটিশ প্রেরক আই-ইয়াশ ইমন জানান, একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি এমন অবমাননাকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেই তিনি আইনের আশ্রয় নিয়েছেন। এ বিষয়ে আমির হামজার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
