ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত; ২৯ আরোহীর মৃত্যু

অধিকৃত উপদ্বীপ ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক বিমান খাড়া পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা অন্তত ২৯ জন আরোহী নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে আন্তোনভ আন-২৬ (An-26) মডেলের এই বিমানটি বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছে রুশ সংবাদ সংস্থা তাস।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ২৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। উড্ডয়নের কিছু সময় পর বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে কৃষ্ণ সাগরের উপকূলীয় ক্রিমিয়া উপদ্বীপের একটি পাহাড়ে এর ধ্বংসাবশেষ পাওয়া যায়। এখন পর্যন্ত কাউকে জীবিত উদ্ধারের খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে সংবাদ সংস্থা আরআইএ। তবে সুনির্দিষ্ট কারণ উদ্‌ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ। উল্লেখ্য, ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া এই ক্রিমিয়া উপদ্বীপটি বর্তমানে রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত সামরিক এলাকা হিসেবে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *