খামেনি হত্যার প্রতিবাদে আজ বিকেলে বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ মিছিল

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও দেশটির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা। এর প্রতিবাদে আজ রোববার বিকেলে রাজধানীতে এক বিশাল বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হবে। মিছিলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতারা নেতৃত্ব দেবেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মো. সেলিম উদ্দিনসহ মহানগরীর গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা মিছিলে অংশ নেবেন।

এদিকে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এক শোকবার্তায় তিনি বলেন, “ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি রইলো আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।”

সংঘাতের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, “পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ সৃষ্টি করবে। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।”

তিনি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। একইসঙ্গে আন্তর্জাতিক আইন ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে জাতিসংঘসহ বিশ্বনেতাদের কার্যকর ভূমিকা নেওয়ার দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *