গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) পদ্মা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, কাপাসিয়ার ওই লোমহর্ষক হত্যাকাণ্ডের পর থেকেই ফোরকান পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে সিআইডিসহ পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছিল। এরই মধ্যে গত বুধবার পদ্মা সেতুর ওপর থেকে ফোরকানের ব্যবহৃত একটি ব্যাগ ও কিছু জামাকাপড় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে সিআইডি। এরপর থেকেই ধারণা করা হচ্ছিল যে, ফোরকান সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার দুপুরে পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ তা উদ্ধার করে। পরে মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে, পোশাক ও আনুষঙ্গিক আলামত যাচাই করে মৃত ব্যক্তিই পলাতক ফোরকান বলে নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে কাপাসিয়ায় পারিবারিক কলহের জেরে পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফোরকানের মৃত্যুতে এই হত্যা মামলার প্রধান আসামির অধ্যায় শেষ হলেও ঘটনার নেপথ্যে অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
